গাজীপুরে বগি উল্টে উত্তর-পশ্চিমের পথে ট্রেন বন্ধ
গাজীপুরের ধীরাশ্রমে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের একটি বগি উল্টে যায় এবং তিনটি বগি লাইনচ্যুত হয়।
গাজীপুরের ধীরাশ্রমে ট্রেনের বগি উল্টে উত্তর ও পশ্চিমের পথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ রেলযাত্রী।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, রোববার রাতে ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি উল্ট যায়।
রেজাউল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস রাত সোয়া ৯টায় ধীরাশ্রমে পৌঁছলে একটি বগি উল্টে যায় এবং তিনটি বগি লাইনচ্যূত হয়। এতে ঢাকার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কমলাপুর রেলওয়ে থানার ওসি মাজহারুল হক বলেন, “শুনেছি ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির একাধিক বগি উল্টে গেছে। দুর্ঘটনার পর ট্রেন উদ্ধারকারীদের খবর দেওয়া হয়েছে।”
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটির অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনায় আহত শান্ত নূর (২০), মেহেদী হাসান (২২), ইজাজ নাকিব নূর (১৭), আহসান হাবিব (২০), ফাহিম (১৯), সামি (২০), জাকিয়া সুলতানা (২৩), রোকেয়া (১৯) ও মল্লিকা ঘোষকে (২৫) হাসপাতালে আনা হয়। এদের মধ্যে জাকিয়া, রোকেয়া ও ফাহিমকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
