১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুখে টেপ ও চোখে সুপার গ্লু লাগিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

পাইকগাছার ওই গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2024, 05:09 PM

Updated : 12 Feb 2024, 05:09 PM

খুলনার পাইকগাছা উপজেলায় মুখে টেপ ও চোখে সুপার গ্লু লাগিয়ে এবং হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ করেছেন স্বজনরা।

সোমবার ভোরে ওই গৃহবধূকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান।

গৃহবধূর (৪৫) স্বজনরা জানান, তার স্বামী কাঁচামালের ব্যবসা করেন। রোববার রাতে তিনি বাড়ির বাইরে ছিলেন। পড়ালেখার জন্য দুই ছেলে-মেয়ে শহরে থাকেন।

প্রতিবেশীরা জানান, ধারণা করা হচ্ছে, ঘরের পাশের গাছ বেয়ে ছাদে উঠে ওই বাড়িতে প্রবেশ করেন ঘটনায় জড়িতরা। সোমবার ভোরে ওই নারীর গোঙানির শব্দ শুনে তারা গিয়ে তাকে উদ্ধার করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুমন রায় বলেন, “সোমবার সকালে ওই নারীকে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। তার মুখ ও চোখ রক্ষার জন্য অস্ত্রোপচার করা হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।”

ওই নারীর ছেলে বলেন, “বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে।”

পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কী কারণে, কারা ওই নারীকে ধর্ষণ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার তদন্ত চলছে। এখনও মামলা হয়নি বলে জানান ওসি।