নেত্রকোণায় চুরির অপবাদে কিশোরকে নির্যাতন, ২৬ জনের নামে মামলা
তিন দিন আগে গ্রামের বাজারে সালিশ বসিয়ে এক কিশোরকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়া হয় বলে জানায় পুলিশ।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় চুরির অপবাদে সালিশে এক কিশোরকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করার ঘটনায় ২৬ জনের নামে মামলা হয়েছে।
১৩ বছর বয়সী ওই কিশোরের মা বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ২০ জনকে আসামি করে মামলাটি করেন বলে কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন জানান।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার বিকালে আটক বলাইশিমুল ইউনিয়নের পরিষদের সদস্য সবুজ মিয়া ও স্থানীয় মাতাব্বর আবু তাহেরকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান থানার ওসি আলী হোসেন।
ওসি জানান, এর আগে বুধবার সকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের বাজারে সালিশ বসিয়ে এক কিশোরকে নির্যাতন করা হয়।
ঘটনার দুই দিন পর বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে প্রশাসনের সহযোগিতায় ওই কিশোরকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
