চুয়াডাঙ্গায় নিখোঁজের ১৪ দিন পর আখক্ষেতে মিলল যুবকের লাশ
চুয়াডাঙ্গায় নিখোঁজের ১৪ দিন পর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে সদর উপজেলার আড়িয়া গ্রামের একটি আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দর্শনা থানার ওসি এএইসএম লুৎফুল কবির জানান।
নিহত ইয়াদ আলী (৩৫) সদর উপজেলার চাঁদপুর গ্রামের প্রয়াত আব্দুস সালামের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে ওসি লুৎফুল কবির জানান, ইয়াদ গত ২৪ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ২৬ নভেম্বর দর্শনা থানায় তার নিখোঁজের ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়।
বুধবার বিকালে ওই গ্রামের আখক্ষেতে ঘাস কাটতে গিয়ে এলাকার এক কৃষক মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
বেশ কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
