কক্সবাজারে শেষ হলো শিশু সাংবাদিকদের ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা
শেষ দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
কক্সবাজারে শিশু সাংবাদিকদের দুই দিনের কর্মশালা শুক্রবার বিকালে শেষ হয়েছে।
ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এর আগে গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার প্রেস ক্লাবে কর্মশালা শুরু হয়।
প্রেস ক্লাবটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ।
সমাপনী দিনের অনুষ্ঠানে সাংবাদিক নেতা মুজিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
দুদিনের কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ২০ জন শিশু-কিশোর অংশ নেয়।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাল্টিমিডিয়া বিভাগের সহকারী প্রযোজক আল হাসান রাকিব।
এ ছাড়া সমাপনী দিনের প্রথম পর্বে শিশু সুরক্ষা আইন ও কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ দেন ইউনিসেফ-এর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের শিশু সুরক্ষা কর্মকর্তা আসমা আনোয়ার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কক্সবাজার জেলার সমন্বয়ক শংকর বড়ুয়া রুমি।
এতে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক হাশেম উদ্দিন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, প্রচার ও দপ্তর সম্পাদক নুপা আলম এবং সাংবাদিক মোহাম্মদ জুনায়েদ।
অনুষ্ঠানে দুজন প্রশিক্ষণার্থী নিজেদের অনুভূতি প্রকাশ করে।
কর্মশালায় অংশ নেওয়াদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আরও পড়ুন:
