২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে তালাবদ্ধ বাসায় স্বামী-স্ত্রী ও মেয়ের গলাকাটা লাশ

শনিবার রাত থেকে নিহতদের সঙ্গে স্বজনদের কোনো যোগাযোগ ছিল না।

সিরাজগঞ্জে তালাবদ্ধ বাসায় স্বামী-স্ত্রী ও মেয়ের গলাকাটা লাশ

পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে ও বিছানায় তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2024, 12:08 PM

Updated : 30 Jan 2024, 10:44 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের একটি বাসা থেকে এক দম্পতি ও তাদের মেয়ের কুপিয়ে ও গলাকেটে হত্যা করা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার ভোরে উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লার তিন তলা ভবনের তৃতীয় তলার বাসার দরজার তালা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান। 

নিহতরা হলেন, ওই এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও তাদের একমাত্র সন্তান তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। 

পরিদর্শক নূরে আলম বলেন, নিজেদের ওই বাড়িটির তৃতীয় তলায় বিকাশ সরকার পরিবার নিয়ে থাকতেন। অপর ফ্ল্যাটে থাকতেন তার বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকাশ সরকার। প্রথম ও দ্বিতীয় তলার বাসাগুলো ভাড়া দেওয়া হয়েছে। 

Image

পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লার বাড়ির বাইরে স্বজন ও স্থানীয়দের ভিড়।

নিজস্ব জমিতে কৃষিকাজ ও পুকুরে মাছ চাষ করতেন বিকাশ। শনিবার রাত থেকে নিহতদের সঙ্গে স্বজনদের কোনো যোগাযোগ ছিল না। বাসার বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে মোবাইলে ও নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়। 

পরে মঙ্গলবার ভোর ৩টার দিকে ওই বাড়িতে গিয়ে পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে ও বিছানায় তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে। 

Image

বিকাশ সরকার, স্বর্ণা রানী সরকার ও তাদের মেয়ে পারমিতা সরকার তুষি।

“ধারণা করা হচ্ছে রোববার রাত থেকে সোমবার দিনের কোনো এক সময় তাদের কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। ” 

নিহতদের লাশ উদ্ধারের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে র‌্যাব, পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।