হবিগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা তরুণীসহ গ্রেপ্তার ২
তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
হবিগঞ্জ আঞ্চলিক অফিসে পাসপোর্ট করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক রোহিঙ্গা তরুণী; এসময় তাকে সহায়তার অভিযোগে এক বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়।
সোমবার হবিগঞ্জ সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এইচ-৩ এর বাসিন্দা রোকেয়া আক্তার (১৮) এবং তাকে পাসপোর্ট তৈরির কাজে সহায়তা করা বাংলাদেশি আমানুর রশীদ মাহি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা।
ওসি বলেন রফিকুল, রোববার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেউতলী গ্রামের নাজমুল হোসাইন চৌধুরীরকে বাবার পরিচয় দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন রোহিঙ্গা তরুণী রোকেয়া আক্তার।
“তিনি আবেদনের সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ছালিক মিয়ার স্বাক্ষরিত জন্মনিবন্ধন সনদ জমা দেন। এ বিষয়ে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. বজলুর রহমান ওই তরুণীর কাছে ঠিকানার তথ্য জানতে চাইলে তার কথা-বার্তা সন্দেহজনক মনে হয়।”
তিনি আরও বলেন, “খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার ও সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পাসপোর্ট অফিসে যান। পরে ওই তরুণী জানান, তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৩ এর বাসিন্দা। আমানুর রশীদ মাহির মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য তিনি পাসপোর্ট তৈরি করতে এখানে আসেন।”
ওসি বলেন, তথ্য গোপন করে জাল কাগজে পাসপোর্ট করার চেষ্টার করায় তাদের গ্রেপ্তার করা হয়। এরপর মামলা দিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জানান, ওই রোহিঙ্গা তরুণী পাসপোর্টের জন্য আবেদন করেন। এসময় ঠিকানা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করলে তিনি সঠিকভাবে উত্তর দিতে পারেননি। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট-এর জিজ্ঞাসাবাদে ওই তরুণী রোহিঙ্গা ক্যাম্পের বলে স্বীকার করেন।
