২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে লাঠিপেটার অভিযোগ

ফেনী মডেল থানার ওসি বিএনপির অবস্থান কর্মসূচিতে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেছেন।

ফেনীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে লাঠিপেটার অভিযোগ

ফেনিতে বিএনপির অবস্থান কর্মসূচীতে পুলিশ লাটিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2023, 06:26 PM

Updated : 08 Jun 2023, 06:26 PM

বিদ্যুতের ‘অসহনীয় লোডশেডিং এবং দুর্নীতির’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।

লাঠিপেটায় অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি তার।

তবে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বিএনপির অবস্থান কর্মসূচিতে কোনো ধরনের লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেছেন।

আলাল উদ্দিন আলাল বলেন, “দেশব্যাপী ‘বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ দুপুরে ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের সামনে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিএনপি নেতাদের বক্তব্য শেষে স্মারকলিপি দিয়ে ফেরার পথে পেছনে থেকে হঠাৎ পুলিশ লাঠিপেটা শুরু করে।

“এতে জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খোকন চেয়ারম্যান, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রানা, পাঁছগাছিয়া ইউনিয়ন যুবদল কর্মী গিয়াস উদ্দিন ও আবুল কালাম আহত হন।”

তবে লাঠিপেটা করা হয়নি জানিয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, “কেউ যেন বিদ্যুৎ অফিসের দিকে না যেতে পারে সেজন্য তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। সেখানে লাঠিপেটার কোনো ঘটনা ঘটেনি।”

একই কথা বলেছেন থানার ওসি মো. নিজাম উদ্দিন।

বিএনপির কর্মসূচিতে পুলিশ কোনো ধরনের বাধা দেয়নি এবং কাউকে আটকও করেনি বলে জানান তিনি।

অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দেওয়ার সময় ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।