ফেনীতে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে লাইনম্যানকে পিটিয়ে হত্যা
রোববার বিকালে শহরের মৌবন হোটেলের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায় পলাশ।
ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশার সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে এক লাইনম্যানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার বিকালে শহরের মৌবন হোটেলের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায় পলাশ।
নিহত ব্যক্তির নাম মো. হারুন (৫৫)। তিনি পশ্চিম ছাগলনাইয়া গ্রামের হাজী পাড়ার আবুল হোসেনের ছেলে।
সুদীপ রায় জানান, মো. হারুনকে পিটিয়ে হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকেই অটোরিকশা চালক বেলাল হোসেনকে আটক করে পুলিশ। বেলালের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামে। তিনি ছাগলনাইয়ায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ফেনীগামী অটোরিকশার ছাগলনাইয়া স্ট্যান্ডে লাইনম্যানের দায়িত্বে ছিলেন মো. হারুন। দুপুরে অটোরিকশার সিরিয়াল আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে চালক বেলালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বেলাল অটোরিকশা থেকে লাঠি নিয়ে হারুনকে পেটাতে থাকেন। এসময় বেলালের ছেলে অটোরিকশার চালক বাপ্পীও হামলায় যুক্ত হন।
আশপাশের লোকজন এগিয়ে গিয়ে হারুনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফেনীতে পাঠিয়ে দেন।
হারুনকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে লাইনম্যান হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালকদের শান্ত করতে যান ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। পরে তিনি নিহত লাইনম্যান মো. হারুনের বাড়িতে যান এবং ৩০ হাজার টাকা সহায়তা দেন।
হত্যার ঘটনায় জড়িত দুজনের সর্বোচ্চ শাস্তি হবে আশ্বাস দিয়ে তিনি চালকদের শান্ত থাকতে অনুরোধ করেন।
ওসি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার পর সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বেলালকে। এ ছাড়া তার ছেলে বাপ্পিকেও আটকের চেষ্টা হচ্ছে।
