২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

পারিবারিক কলহের জেরে বৈদ্দ তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।

দিনাজপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

দিনাজপুরে বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 06:01 PM

Updated : 23 Jul 2023, 06:01 PM

দিনাজপুরে বাবা হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যামসুন্দর রায় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) রবিউল ইসলাম জানান।

দণ্ডিত বৈদ্দ কিস্কু (৩৬) বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর পশ্চিম আদিবাসী পাড়ার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পিপি রবিউল ইসলাম বলেন, ২০১৮ সালের ৬ অগাস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে বৈদ্দ কিস্কু তার বাবা তালা কিস্কুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তালা কিস্কুর মৃত্যু হয়।

তিনি বলেন, ওই দিনই তালা কিস্কুর তৃতীয় স্ত্রী সুমি হাসদা বাদী হয়ে থানায় বৈদ্দকে আসামি করে হত্যা মামলা করেন।

পিপি আর বলেন, এরপর পুলিশ বৈদ্দকে গ্রেপ্তার করে।পরবর্তীতে বৈদ্দ আদালতে জবানবন্দি দেন।

পরে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আসামি বৈদ্দকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে ১২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

এদিকে রায় শুনে আদালতের বারান্দায় থাকা বৈদ্দের স্ত্রী দিশা কিস্কু ও তার শিশু কন্যা কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে দিশা কিস্কু দেওয়ালে মাথা ঠুকে চিৎকার করে কাঁদতে থাকলে নারী পুলিশ সদস্য এসে তাকে শান্ত করেন।