২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুড়ে গেছে ১৫ দোকান ও পিকআপসহ মালামাল

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

গাজীপুরে পুড়ে গেছে ১৫ দোকান ও পিকআপসহ মালামাল

গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় হাজী মোফাজ্জল হোসেন সুপার মার্কেটে লাগা আগুন ‍নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2024, 10:43 AM

Updated : 13 Apr 2024, 10:43 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি মার্কেটের ১৫টি দোকান, দোকানে থাকা মালামালসহ একটি পিকআপ পুড়ে গেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। 

শুক্রবার গভীর রাতে মুলাইদ এলাকায় হাজী মোফাজ্জল হোসেন সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন। 

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। 

পরে শনিবার ভোর সাড়ে চারটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল পাঁচটার পর আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরেফিন জানান, আগুনে ১৫টি সেমিপাকা টিনশেড দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দোকানের বিভিন্ন মেশিনারিজ, ওয়ার্কশপের মালামাল, লেদ মেশিন, হার্ডওয়ার, মটর পার্টস, মুদিপণ্য ও একটি পিকআপসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।