পুকুর খনন করতে গিয়ে মিললো ‘কষ্টি’ পাথরের মূর্তি
মূর্তিটি জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়েছে।
মাদারীপুরের ডাসার উপজেলায় পুকুর খনন করতে গিয়ে প্রায় ৬০ কেজি ওজনের একটি ‘কষ্টি’ পাথরের বিষ্ণুর মূর্তি উদ্ধার করা হয়েছে।
উপজেলার গোপালপুর এলাকা থেকে রোববার রাত ১০টার দিকে মূর্তিটি উদ্ধার করা হয় বলে কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জানান।
পিংকি বলেন, ‘খবর পেয়ে আমরা কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করি। এটি লম্বায় আড়াই ফুট হবে। খুব সুন্দর মূর্তিটি। এটি পুরোপুরি অক্ষত রয়েছে। আমরা জেলা প্রশাসনের ট্রেজারিতে মূর্তিটি জমা রেখেছি।”
গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর বলেন, “রোববার গোপালপুর এলাকার মো. ফারুক হোসেন ওরফে মনজু তার বাড়ির পাশে একটি পুকুর খনন কাজ শুরু করেন। খননের এক পর্যায়ে কষ্টি পাথরের বিষ্ণুদেবের মূর্তি মাটি মাটির তলদেশ থেকে বেরিয়ে আসে।
“পরে স্থানীয় শ্রমিকেরা সেটি ফারুকের কাছে দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ডাসার থানা পুলিশের সহযোগিতায় কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসন ফারুক হোসেনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে।”
র্মূতিটির ওজন প্রায় ৬০ কেজি বলে জানান তিনি।
এ বিষয় ডাসার থানার ওসি মো. হাসানুজ্জাসান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ওই এলাকায় গিয়ে মূর্তিটি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
