সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, শিশু উদ্ধার
“সাগরে ভেসে যাওয়ার সময় অতিরিক্ত লবণ পানি পান করায় পর্যটক সাআদের মৃত্যু হয়েছে।”
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে; আর ভেসে যাওয়ার সময় আলাদা স্থান থেকে এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে আলাদা সময় সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেহেরিন আলম।
নিহত ব্যক্তির নাম মো. সাআদ (২৫)। তিনি রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকার মো. আহসান উল্লাহর ছেলে।
এছাড়া উদ্ধার হওয়া শিশুটির নাম মোহাম্মদ আলীফ (১১), সে ঢাকার কল্যাণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। শিশুটি প্রাথমিক চিকিৎসার পর এখন সুস্থ বলে জানিয়েছে পুলিশ।
শেহেরিন আলম বলেন, সকালে ১০-১৫ জন বন্ধুর সঙ্গে ঈদ উপলক্ষে কক্সবাজারে বেড়াতে আসেন সাআদ। কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে ওঠার পর দুপুরে সবাই মিলে লাবণী পয়েন্টে গোসল করতে নামেন।
দুপুর ২টার দিকে সাগরে ভাটার তীব্র টান ছিল জানিয়ে এএসপি বলেন, সেসময় স্রোতের টানে মো. সাআদ ভেসে যান। সঙ্গের বন্ধুদের চিৎকার শুনে লাইফগার্ড কর্মীরা সাআদকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, “সাগরে গোসলে নেমে ভেসে যাওয়ার সময় অতিরিক্ত লবণ পানি পান করায় সাআদের মৃত্যু হয়েছে।”
এর আগে দুপুর ১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে সাগরে গোসল করতে নেমে ভাটার তীব্র স্রোতে ভেসে যাওয়ার সময় মোহাম্মদ আলীফ নামের এক শিশুকে উদ্ধার করা হয়। পরে তাকে শিশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শিশুটি এখন সুস্থ রয়েছে বলে জানান শেহেরিন আলম।
