শেরপুরে আহত ঈগল উদ্ধার
চিকিৎসার জন্য ঈগলটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নেওয়ার কথা রয়েছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আহত অবস্থায় একটি ঈগল উদ্ধার করা হয়েছে।
স্থানীয়ভাবে ‘সাপখেকো ঈগল’ নামে পরিচিত পাখিটির দুই পায়েই আঘাতের চিহ্ন রয়েছে।
রোববার উপজেলার ফাকরাবাদ গ্রাম থেকে ঈগলটি উদ্ধার করেন মো. আরফান আলী। পরে তিনি সোহাগ মিয়া ও রাব্বি ইসলামকে সঙ্গে নিয়ে পাখিটিকে কাঞ্চন মারাকের কাছে নিয়ে যান।
তারা সবাই স্থানীয়ভাবে পাখিপ্রেমী হিসাবে পরিচিত।
সোমবার বিষয়টি জানতে পারেন শেরপুর জেলা বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার। তিনি বলেন, “বিষয়টি আমি জেনেছি। খোঁজখবর নেওয়ার চেষ্টা চলছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে কাঞ্চন মারাক ঈগলটির প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বর্তমানে পাখিটি তার কাছে রয়েছে। সোমবার চিকিৎসার জন্য ঈগলটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নেওয়ার কথা রয়েছে।
কাঞ্চন মারাক বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে, ঈগলটির ডান পায়ের একটি আঙুল ছিঁড়ে গেছে। ওই পায়ের ঊরুতেও আঘাত রয়েছে। বাঁ পায়ের একটি অংশ অবশ হয়ে আছে।
নিজের ফেইসবুক পেইজে উদ্ধারকারীদের সঙ্গে ঈগলটির ছবি প্রকাশ করেছেন কাঞ্চন মারাক। সেখানে তিনি পাখিটির চিকিৎসা ও পরিচর্যার বিষয়টিও জানিয়েছেন।
