২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে গাছ ফেলে ও পেট্রোল ঢেলে আগুন দিয়ে সড়ক অবরোধ, গ্রেপ্তার ৭

বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি ও অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 07:01 PM

Updated : 05 Nov 2023, 07:01 PM

ফেনীতে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে সড়ক-মহাসড়কে গাছের গুড়ি ফেলে, রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসব ঘটনায় জেলার রামপুরসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

অবরোধের সমর্থনে রোববার সকালে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ থেকে শুরু হয়ে সেন্ট্রাল স্কুলের সামনে দিয়ে রামপুরের দিকে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খোন্দকার, জেলা ছাত্রদলের সভাপতি নেতা সালাউদ্দিন মামুনসহ কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা ছিলেন।

বিক্ষোভকারীরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি ও অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সভাপতি রাজিব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

অপরদিকে, ফেনী জেলা, পৌর, উপজেলা ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অপরাংশে সড়কে বসে বিক্ষোভ করেছেন।

এছাড়া ফেনী-সোনাগাজী আঞ্চলিক গাছের গুড়ি ফেলে অবরোধ করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বেলে বিক্ষোভ করতে দেখা গেছে।

এদিকে, অবরোধের সমর্থনে শনিবার রাতে একদল বিক্ষোভকারী মিছিলের পর রাস্তায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন।

শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ইসলামপুর রোডের মাথায় এ ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের ঘটনায় শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হলেও কোনো পরিবহনের ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি।  

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সহিদুল ইসলাম চৌধুরী বলেন, অবরোধের নামে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। নাশকতা এড়াতে শনিবার মধ্যরাতে বিএনপি অধ্যুষিত এলাকা রামপুরে পুলিশ-র‍্যাব সাঁড়াশি অভিযান চালিয়েছে। ফেনী থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান জানান, দ্বিতীয় দফা অবরোধে নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া সড়ক-মহাসড়কে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। বিজিবির টহল জোরদার রয়েছে।