২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে মা-মেয়েকে হত্যা, গ্রেপ্তার ২

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন মা ও মেয়ে

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 05:59 PM

Updated : 06 Sep 2022, 05:59 PM

জামালপুর সদর উপজেলায় মা ও মেয়েকে হত্যা করা হয়েছে। তাদের লাশ উদ্ধারের পর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

সোমবার গভীর রাতে উপজেলার জামিরা ও রশিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফরিদপুর জামিরা এলাকার মামুন মিয়া (৩৫) এবং টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি মমিনবাগ এলাকার শামীম হাসান (৩৩)। এর মধ্যে মামুন অটোরিকশার চালক এবং শামীম ব্যবসায়ী।

এর আগে শনিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন সদর উপজেলার বানার নয়াপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী কামাল হোসেনের স্ত্রী জোসনা বেগম (৪৫) এবং তার মেয়ে কাজলী আক্তার ময়না (৩১)।

পরদিন রোববার উপজেলার রানাগাছা কুমারিয়া গ্রামে রাস্তার পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে কাজলী আক্তার ময়না এবং সোমবার উপজেলার বড়ইতার এলাকার বানার খাল থেকে তার মা জোসনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জোসনার স্বামী মোস্তফা কামাল বাদী হয়ে ছয় জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন।

কাজলী আক্তার ময়নার দেড় বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকে তিনি বাবার পরিবারে ছিলেন বলে জানান ওসি কাজী শাহনেওয়াজ।

তিনি আরও জানান, নৃশংস এই জোড়া খুনের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।