নির্বাচন বিরোধী প্রচারণাও গণতান্ত্রিক অধিকার: ইসি আলমগীর
নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে না বলে জানান আলমগীর।
নির্বাচনের বিরুদ্ধে প্রচারণা চালানো গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেছেন, “কাউকে ভয় দেখিয়ে নির্বাচনের বিরুদ্ধে অপ্রচারণা চালানো যাবে না। তবে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা নেই।”
সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচন চলাকালে বিরোধী দলের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার উল্লেখ করে আলমগীর বলেন, “প্রচলিত নিয়ম মতে জনসভা ও জনসমাবেশসহ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালাতে কোনো বাধা নেই।
“নির্বাচন নিয়ে আমাদের উপর কোনো ধরনের চাপ নেই। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বিবেকের চাপে আছি।”
নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে না বলেও জানান ইসি।
সভায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল ইসলামসহ নির্বাচনি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
