অনুশোচনায় ভুগে ১১ দিন পর হত্যার কথা জানিয়ে স্বামীর আত্মসমর্পণ
গত ২৪ নভেম্বর স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন বেলায়েত। পরে লাশ বাড়ির উঠানে মাটি চাপা দেন তিনি।
গাজীপুরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা ও মাটি চাপা দেওয়ার ১১ দিন পর অনুশোচনায় ভুগে থানায় আত্মসমর্পণ করেছেন এক সবজি বিক্রেতা।
সোমবার রাতে গাজীপুর সদর থানায় এসে স্ত্রীকে হত্যার ঘটনা বিস্তারিত বলে তিনি আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন গাজীপুর সদর থানার এসআই সাইফুল ইসলাম।
তার দেওয়া তথ্যে সোমবার রাত ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকা থেকে মাটিচাপা দেওয়া লাশটি উদ্ধার করা হয়।
আত্মসমর্পণ করা বেলায়েত হোসেনের (৪৭) বাড়ি গাজীপুর সদরের পাকুরিয়া এলাকায়। স্ত্রী রেশমা আক্তার রিতুকে নিয়ে হাড়িনাল দক্ষিণ পাড়া এলাকার আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। আমজাদ সবজি বিক্রি করে সংসার চালাতেন।
সদর থানার পরিদর্শক মহিউদ্দিন আহমেদ জানান, চারদিকে বাউন্ডারি করা ওই বাড়িটিতে তারা দুজনই থাকতেন। তাদের দুই ছেলে এক মেয়ে। তারা মাদরাসায় থেকে পড়াশোনা করে।
“গত ২৪ নভেম্বর স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় বেলায়েতের। এক পর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। হত্যার পর বাড়ির উঠানে মাটি খুঁড়ে স্ত্রীর লাশ চাপা দেন তিনি।”
কিন্তু পরবর্তীতে প্রচণ্ড অনুশোচনায় ভুগতে থাকায় আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন এবং থানায় আসেন।
এসআই সাইফুল ইসলাম বলেন, রাতেই মাটি চাপা দেওয়া লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
