Published : 25 Jul 2023, 05:58 PM
গাজীপুরে নিখোঁজের দুইদিন পর একটি পরিত্যক্ত ঘর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে বাসন থানার ওসি মো. সানোয়ার জাহান জানান।
নিহত বকুল (১৫) রংপুরের মিঠাপুকুর উপজেলার হরবাদ গ্রামের মো. সাজ্জাতের ছেলে। সে ভোগড়া পেয়ারা বাগান এলাকায় রংপুর বস্তিতে পরিবারের সঙ্গে বসবাস করত এবং রিকশা চালাত।
স্বজনদের বরাত দিয়ে ওসি সানোয়ার জাহান বলেন, “দুই দিন আগে বকুল তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়। পরে সেখানে বন্ধুদের সঙ্গে বকুলের তর্কাতর্কি ও মারামারির ঘটনা ঘটে। এরপর থেকেই নিখোঁজ ছিল বকুল।”
তিনি বলেন, “মঙ্গলবার সকালে ওই এলাকার ছিদ্দিকুর রহমানের মালিকানাধীন পরিত্যক্ত ঘরে জমে থাকা পানিতে লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে স্বজনরা বকুলের মরদেহ শনাক্ত করেন।”
এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, “বকুলের চোখে আঘাতের এবং নাকে রক্ত ঝরার চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর ওই ঘরে মরদেহ ফেলে যান দুর্বৃত্তরা।“
ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বকুলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।