‘শ্বশুরবাড়ির অশান্তি, মধ্যরাতে সন্তানকে পুকুরে ফেলল মা’
পুলিশের দাবি, যদিও লাশ উদ্ধারের পর শিশুটির মা বলেছিলেন ভিন্ন কথা।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে ৪ মাস বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটনের দাবি করছে নবীনগর থানা পুলিশ।
সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করলে ‘শ্বশুরবাড়ির অশান্তিতে শুক্রবার মধ্যরাতে শিশুটির মা নিজেই সন্তানকে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন’ বলে পুলিশের দাবি। শিশুটির বাবা দুবাই প্রবাসী।
রোববার বিকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশ উদ্ধারের পরই শিশুটির মাকে সন্দেহ হচ্ছিল, তাই আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই নারী তার সন্তানকে হত্যার কথা স্বীকার করেন।”
পুলিশের দাবি, যদিও লাশ উদ্ধারের সময় শিশুটির মা বলেছিলেন ভিন্ন কথা।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “লাশ উদ্ধারের সময় শিশুটি মা পুলিশ জানিয়েছিলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আমার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলাম। রাত ২টার দিকে ঘুম থেকে উঠে টয়লেটে যাই। তারপর আবার ঘুমিয়ে পড়ি। ভোর ৫টায় ঘুম থেকে ওঠে দেখি, ঘরের দরজা খোলা; পাশে আমার ছোট সন্তান নেই। সে কিভাবে পুকুরে গেল আমি জানি না।”
পুলিশ বলছে, তার ওই বক্তব্য ছিল ‘সম্পূর্ণ বানোয়াট’।
সিরাজুল ইসলাম আরও বলেন, ওই নারী প্রাথমিক অবস্থায় জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, তার স্বামী সবশেষ দেড় বছর আগে আরব আমিরাতের দুবাই যান। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স ৬ বছর ও ছোটটির বয়স ৪ মাস।
ওই নারী পুলিশকে জানান, স্বামীর যৌথ পরিবারে শাশুড়ি ও ননদদের অনেক কথা শুনতে হয়। তাই শিশু সন্তানদের সঠিক যত্নও নিতে পারতেন না তিনি। এসব কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার মধ্যরাতে তার শিশু সন্তানকে নিজেই বাড়ির কাছাকাছি একটি পুকুরে ফেলে দিয়ে আসেন।
পুলিশ কর্মকর্তা সিরাজুল আরও বলেন, “ওই নারী কিছুটা মানসিক প্রতিবন্ধী। এ জন্য তাকে কয়েকবার চিকিৎসাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।”
“তাকে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে, এর পেছনে যদি অন্য কিছু থাকে, তো আশা করছি তদন্তে তাও বের হয়ে আসবে,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম।
