২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৪০ কেজি গাঁজা জব্দ, তিনজন গ্রেপ্তার

একটি পিক-আপে তল্লাশি চালিয়ে তিনটি আইসক্রিমের বক্সের ভেতর থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

গাজীপুরে ৪০ কেজি গাঁজা জব্দ, তিনজন গ্রেপ্তার

গাজীপুরে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 07:35 PM

Updated : 15 Aug 2023, 07:35 PM

গাজীপুর মহানগরীতে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. তাসলিম ভুঁইয়া (৩৩), একই উপজেলার কল্যাণপুর গ্রামের ধন মিয়া (৬৭) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাদোরগোলা গ্রামের মো. জাকির আহমেদ (২৯)। এদের মধ্যে জাকির পিক-আপ চালক।

র‌্যাব কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন বলেন, সোমবার রাতে ময়মনসিংহ থেকে পিক-আপে করে গাজীপুরের দিকে গাঁজার একটি চালান আসার খবর পায় র‌্যাব।

তিনি বলেন, এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নগরীর পোড়াবাড়ী বাজার এলাকার নিউ জুবায়ের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসায় র‌্যাব-১।

“পরে রাত আড়াইটার দিকে সন্দেহজনক একটি পিক আপ থামিয়ে তল্লাশি চালিয়ে তিনটি আইসক্রিমের বক্সের ভেতর থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।”

ইয়াসির আরাফাত আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, সাতটি মোবাইল সিম, তিন হাজার ৬১০ টাকাসহ একটি পিক-আপ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, বিকালে গ্রেপ্তার তিনজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।