২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিকার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর  অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি।

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

রাহুথড় অমৃতময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 06:53 PM

Updated : 02 Nov 2022, 07:20 PM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যালয়ের অর্থ আত্মসাতসহ অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

উপজেলার রাহুথড় অমৃতময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার গোলদারের বিরুদ্ধে এসব অভিযোগ আনেন প্রতিষ্ঠানটির সভাপতি বলাই ভক্ত।

গত মঙ্গলবার বলাই এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা।

অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার গোলদার দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন। সম্প্রতি তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে চারটি চেকের মাধ্যমে সোনালী ব্যাংক কাশিয়ানী শাখা থেকে ৯০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। এ ছাড়া প্রধান শিক্ষক কমিটিকে না জানিয়ে বিদ্যালয়ের জমি ইজারা দিয়ে টাকা আত্মসাত করেছেন। তিনি একাধিকবার নিয়মিত কমিটিকে ডেকে সভা না করে রেজুলেশনে সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয় পরিচালনা করে আসছেন।  

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার গোলদার।

তার ভাষ্য, “সভাপতির স্বাক্ষর জাল করিনি। তিনি (বলাই ভক্ত) একজন ওষুধ ব্যবসায়ী; অন্য দোকান থেকে ওষুধ কেনা নিয়ে তার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এরই জেরে ক্ষিপ্ত হয়ে তিনি মিথ্যা অভিযোগ করেছেন।

“সরকারের বরাদ্দ সব টাকা খরচে পরিচালনা কমিটি অনুমোদিত বিল-ভাউচার সংরক্ষিত আছে।”

কাশিয়ানী সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুরেশ বিশ্বাস বলেন, “বিদ্যালয়ের সভাপতির মাধ্যমে অভিযোগের বিষয়টা আমি শুনেছি। চেকের স্বাক্ষরে কিছুটা অমিল আছে। তবে এক্সপার্ট (বিশেষজ্ঞ) ছাড়া কিছু বলা যাচ্ছে না।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা বলেন, “অভিযোগ পেয়েছি; তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”