২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে জমির বিরোধে সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

নিহতের ছেলের অভিযোগ, “আমার চাচাতো ভাইয়েরা আমাকে মারধর করছিল। মা আমাকে বাঁচাতে গেলে তাকে কিল-ঘুসি ও লাঠিপেটা করে তারা।”

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 10:52 PM

Updated : 09 Dec 2023, 10:52 PM

মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি নিয়ে সালিশের পর ঘটা সংঘর্ষে প্রতিপক্ষের হাত থেকে ছেলেকে বাঁচাতে দিয়ে বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার বিকালে উপজেলার পৈক্ষারপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটন জানান।

নিহত রোকেয়া বেগম (৬২) ওই গ্রামের প্রয়াত এবায়দুল্লাহ সরকারের স্ত্রী।

নিহতের ছেলে সোহেল সরকার বলেন, “আমার চাচাতো ভাইয়েরা মূলত আমাকে মারধর করছিল। মা আমাকে বাঁচাতে আসলে তাকে কিল-ঘুসি ও লাঠিপেটা করে তারা। আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবার ফাঁসি চাই।”

ইউপি চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ বলেন, “জমির বিষয়টি নিয়ে আমাদের ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিচার হওয়ার কথা ছিল। তবে উভয়পক্ষ তাদের বাড়িতে সালিশ করার ব্যাপারে দাবি জানালে আমি সম্মতি প্রদান করি।

শনিবার বিকাল ৪টার পর খবর পেলাম গ্রাম্য সালিশের পর জায়গা মেপে ভাগ-ভাটোয়ারা করার সময় সংঘর্ষে এক মহিলা মারা গেছেন।”

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পৈক্ষারপাড় গ্রামের প্রয়াত এবায়দুল্লাহ সরকারের ছেলেদের সঙ্গে চাচতো ভাইদের বিরোধ ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও তা সমাধান হয়নি।

পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সমাধানের সিদ্ধান্ত হয়। তবে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে বাড়িতেই সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

শনিবার দুপুরে সালিশ বৈঠক শুরু হয়। সালিশের রায়ে বিরোধপূর্ণ জায়গাটি প্রয়াত এবায়দুল্লাহর ছেলেরা পাবে বলে সিদ্ধান্ত আসে।

পরে বিকালে জায়গাটি মেপে খড়ের গাদা সরিয়ে বুঝিয়ে দেওয়ার সময় কথা কাটাকাটির জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষের হামলায় রোকেয়া বেগম আহত হন। পরে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, “বিকাল পৌণে ৪টার দিকে আমাদের হাসপাতালে একজন মহিলাকে নিয়ে আসা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। তার গায়ে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

ওই সালিশে থাকা হান্নান সরকার নামে একজন বলেন, “আমিসহ সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন, নান্নু মিয়া, মোশারফ হোসেন মিন্টুসহ অনেকেই ছিলাম। সমস্যাটি আমরা সমাধানও করে দিই। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সালিশ শেষ হবার পর। তখন আমরা কেউ সেখানে  ছিলাম না।”

মুন্সীগঞ্জের (সদর-গজারিয়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন, “গ্রাম্য সালিশে সংঘর্ষের ঘটনায় এক মহিলা মারা গেছেন বলে খবর পেয়েছি। ঘটনার পরপর পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।”