১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মারধর করে পুলিশে দেওয়া সেই আইনজীবীসহ ৩ জন কারাগারে

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে মঙ্গলবার আদালত চত্বরে ওই আইনজীবীসহ ৩ জনকে মারধর করে সূত্রাপুর থানায় সোপর্দ করেন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 08:18 PM

Updated : 18 Nov 2026, 08:18 PM

ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মারধর করে করে পুলিশে দেওয়া আওয়ামী লীগপন্থি আইনজীবী বলে পরিচিত অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগসহ ৩ জনকে হাতবোমা বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেয়।

কারাগারে যাওয়া অন্য দুজন হলেন ওবায়দুর রহমান সুদাইচ ও সুমাইয ইসলাম। তারা নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছে পুলিশ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে মঙ্গলবার আদালত চত্বরে অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগসহ ৩ জনকে মারধর করে সূত্রাপুর থানায় সোপর্দ করেন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা। পরে অ্যাডভোকেট সোহাগকে বুধবার ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে গত ৯ নভেম্বর হাতবোমা বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনসহ বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ দিন অ্যাডভোকেট সোহাগসহ ৩ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসেই অনুপম দাস। আবেদনে বলা হয়, মামলার ঘটনার বিষয়ে আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।

এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তাদের জামিনে চেয়ে আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তপু নাসরিন বলেন, “গতকাল কোর্টে আমাদের ওপর বহিরাগতরা এসে মব করেছে।

“গতকালও এই সময়ে আপনার কোর্টে বাবুল আক্তার নামে এক আসামির জামিন শুনানি করেছি। এরপর সাঈদ খোকনের শুনানি করতে গেলে তারা তাকে (শামীম আল সাইফুল সোহাগ) মব করে; যেখানে আমি নিজেও ভুক্তভোগী। আমাকেও হেনস্তা করা হয়েছে। মামলার এজাহারে তার নাম নেই। কোনোভাবে মামলার ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত না।”

আসামি নিজে আইনজীবী হওয়ায় তিনিও শুনানি করতে আদালতের কাছে অনুমতি চান। এক মিনিটের মধ্যে তাকে বলতে বলেন বিচারক। পরে অ্যাডভোকেট সোহাগ বলেন, “গত ১৮ নভেম্বর সাবেক মেয়র সাঈদ খোকনের মামলায় ৩৩ নং কোর্টে উপস্থিত হই। সেখান থেকে আমাকে টেনেহিঁচড়ে এজলাসে থেকে বের করে দেওয়া হয়। আমাকে প্রায় এক ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়। তারা আমাকে টেনেহিঁচড়ে এজলাস থেকে নিচে নামিয়ে আনে। এর মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

“পরে আমি নিজেকে আবিষ্কার করি একটা ভ্যানের ওপর। আমাকে দেখে অনেকে মনে করেছে লাশ। আদালতে এসেছিলাম আইনজীবী হয়ে, বানিয়ে দিল আসামি।”

এ সময় বিচারক বলেন, “জনগণের কাছ থেকে আপনাদের পুলিশ হেফাজতে নিয়েছে, এটা অ্যাডমিটেড। জামিন বিষয়ে আপনি বলুন।”

এরপর সোহাগ বলেন, “আদালতে সামনে বোমা হামলার ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি একজন আইনজীবী, কেনও বোমা হামলা করব! একজন আইনজীবীর বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে না। আমি জামিন পাওয়ার হকদার।”

এ সময় জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, “তারা দিনে আসেন আদালতে ওকালতি করতে আর রাত হলে বোমা নিক্ষেপ করেন, গাড়িতে আগুন দেয়, ভাঙচুর করেন। উনাদের নির্দেশে বোমা নিক্ষেপ করা হয়েছে। আসামি সোহাগ এই ঘটনায় সঙ্গে জড়িত।”

এরপর বিচারক বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। সিএমএম আদালতের সামনে বোমা নিক্ষেপ করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের ধারায়। এটা সাধারণ বিবেচনায় জামিন দেওয়া যায় না। জামিন দিতে হলে রাষ্ট্রপক্ষকে আরও ব্যাপকভাবে শুনতে হবে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশ দাবি করে। এই পর্যায়ে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হল।”

গত ৯ নভেম্বর সন্ধ্যায় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক মো. ফয়সাল এবং সুকুমার হালদারকে ধরে পুলিশে দেয় জনতা। সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন সন্ত্রাসবিরোধী আইনসহ বিস্ফোরক আইনে মামলা করেন।

একই মামলায় গত শনিবার ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে।