অস্ত্র নিয়ে টিকটক: ফরিদপুরে সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে আরও দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছে জেলা কমিটি।
অস্ত্র নিয়ে টিকটক ভিডিও পোস্ট করায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিল্লাল মৃধাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ স্বাক্ষরিত বিবৃতিতে সোমবার সন্ধ্যায় বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
এদিন সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে আরও দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছে জেলা কমিটি।
বহিষ্কার হওয়া অপর দুই ছাত্রলীগ নেতা হলেন- জেলা ছাত্রলীগের সহসম্পাদক আশরাফুজ্জামান জোহা এবং বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুদেব বিশ্বাস।
রোববার ছাত্রলীগ নেতা বিল্লাল মৃধা নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে দেশীয় অস্ত্রের একটি টিকটক ভিডিও পোস্ট করে সমালোচিত হন। তিনি বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কামারগ্রামের (মৃধাপাড়া) বাসিন্দা।
যদিও বিল্লাল দাবি করেন, তার মোবাইল হারিয়ে যাওয়ায় ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করে কেউ এটি করেছে। পরে সেই ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।
নয় সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালো রঙের টি–শার্ট ও লুঙ্গি পরিহিত এক তরুণ বিছানায় বসে রামদাসহ বেশ কয়েকটি দেশি অস্ত্র একটি সাদা বস্তায় ভরছেন।
বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল সাংবাদিকদের বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে এরকম ছবি বা ভিডিও ছাড়া ঠিক হয়নি। হোক সেটা খেলনা বা টিকটকের ভিডিও। এসব কাজে আমরা বিব্রত। সংগঠনবিরোধী বা সমাজের চোখে খারাপ দেখায় এ রকম কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, “বিল্লাল মৃধা নামে উপজেলা ছাত্রলীগের নেতা দেশীয় অস্ত্রের টিকটক ভিডিও ফেসবুকে পোস্ট করার বিষয়টি জানার পরপরই তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে পুলিশ কাজ গুরুত্ব সহকারে কাজ করছে।”
ছাত্রলীগ জানায়, গত ২৫ মার্চ বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং কোমরের পিছনে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছবি আপলোড দিয়ে ভাইরাল হন।
বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের বাসিন্দা এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্নাতক শ্রেণির ছাত্র শুভ্রদেব সিং দাবি করেন, এটি ছিল খেলনা পিস্তল।
পুলিশ ২৭ মার্চ শুভ্রদেবকে ডিজিটাল নিরাপত্তা আইনের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
অপরদিকে শনিবার রাতে ইয়াবাসহ বোয়ালমারী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন জেলা ছাত্রলীগের সহসম্পাদক আশরাফুজ্জামান জোহা (২৮)। উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা এলাকা থেকে ৩২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বোমালমারী থানার এসআই বাবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহামেদ বলেন, আশরাফুজ্জামান জোহাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আশরাফুজ্জামান জোহা এর আগেও একবার ইয়াবা ও ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
