২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে নিখোঁজ কলেজছাত্রের ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধার

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবার কোনো অভিযোগ দেয়নি।

নীলফামারীতে নিখোঁজ কলেজছাত্রের ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধার

ফাইল ছবি

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 09:04 PM

Updated : 13 Aug 2022, 09:04 PM

নীলফামারীর ডোমার উপজেলায় নিখোঁজ এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা সাহেব ভিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত শ্রেণিকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ডোমার থানার ওসি মো. মাহমুদ উন নবী।

নিহত প্রসেনজিৎ চন্দ্র রায় (১৮) ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের প্রসুনাথ চন্দ্র রায়ের ছেলে। জেলার উত্তর চওড়া বড়গাছা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন প্রসেনজিৎ।

তার চাচাত ভাই উত্তম কুমার রায় বলেন, শুক্রবার সন্ধ্যায় প্রসেনজিৎ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে বানিয়াপাড়ার সন্ন্যাসী মন্দিরে পূজা ছিল। পূজা শেষে তারা স্কুলে পানি খেতে গিয়ে একটি শ্রেণিকক্ষে ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় বিদ্যালয়টি বন্ধ ছিল। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এটি হত্যা না আত্মহত্যা তা বলতে পারেনি পুলিশ। পরিবারও এখনও কোনো অভিযোগ দেয়নি।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি মো. মাহমুদ উন নবী জানিয়েছেন।