শেরপুরে ২ শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
প্রতিবেশী শামীম মিয়া খাবারের লোভ দেখিয়ে পাশের একটি কাঠের বাগানে নিয়ে দুই শিশুকে ধর্ষণ করেন।
শেরপুরে দুই শিশুকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে ট্রাইব্যুনালের বিশেষ পিপি গোলাম কিবরিয়া বুলু জানান।
দণ্ডপ্রাপ্ত শামীম মিয়া (২১) শেরপুরের নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের নওশেন আলীর ছেলে।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে তাকে আরও তিনমাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
পিপি গোলাম কিবরিয়া বুলু মামলার নথির বরাতে জানান, ২০১৯ সালের ৯ মে বিকালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী, ওই এলাকার কৃষক পরিবারের চাচাতো বোন সম্পর্কিত দুই শিশুকে প্রতিবেশী শামীম মিয়া খাবারের লোভ দেখিয়ে পাশের একটি কাঠের বাগানে নিয়ে ধর্ষণ করেন। রাতে শিশু দুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে ঘটনা জানায়। পরদিন শামীম মিয়াকে আসামি করে নকলা থানায় একটি ধর্ষণ মামলা করেন শিশু দুটির অভিভাবক।
পুলিশ শামীম মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত শেষে একই বছরের ৮ সেপ্টেম্বর একমাত্র আসামি শামীমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন নকলা থানার এসআই শরীফ হোসেন।
বিচার পর্যায়ে বাদী, দুই ভুক্তভোগী, চিকিৎসকের জবানবন্দি ও ম্যাজিস্ট্রেটসহ ১১ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় বলে গোলাম কিবরিয়া বুলু জানান।
