২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্রসহ ৩ ‘ডাকাত’ গ্রেপ্তার

আটকদের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

বরিশালে অস্ত্রসহ ৩ ‘ডাকাত’ গ্রেপ্তার

পুলিশের হাতে আটক তিন জন

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2022, 04:32 PM

Updated : 30 Dec 2022, 04:32 PM

বরিশাল নগরী থেকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ তিন জনকে আটক করা হয়েছে,  যাদেরকে ‘ডাকাত দলের সদস্য’ বলছে পুলিশ। 

কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের আটক করেছে পুলিশ। 

তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার আদিতপুর গ্রামের নুরুজ্জামান কাজী, একই উপজেলার বাজিতপুর গ্রামের সম্রাট ও রাজৈর উপজেলার মাছচর গ্রামের বাচ্চু খান। 

ওসি আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার সময়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশ থেকে তিন জনকে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি রামদা, একটি চাকু, একটি স্টিলের সেলাই রেঞ্জ, তালা ভাঙ্গার লোহার যন্ত্র ও একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কাউনিয়া থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা করেছেন। আটকদের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। 

ওসি মুকুল আরও জানান, নুরুজ্জামান কাজীর বিরুদ্ধে দিনাজপুরের চিরিরবন্দর থানায় একটি, মাদারীপুর সদর থানার দুইটি, বরিশালের গৌরনদী থানায় একটি ও চুয়াডাঙ্গা সদর থানায় ডাকাতি ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। 

এ ছাড়া সম্রাটের বিরুদ্ধে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায় দুইটি মামলা রয়েছে।