নেত্রকোণায় ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু
ডোবায় দুই শিশুকে ভাসমান দেখেন স্থানীয়রা।
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই মাইজপাড়া গ্রামের ডোবা থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয় বলে ইউপি চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার জানান।
মৃতরা হলো- ওই গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে হ্যাপি আক্তার ও লাবলু মিয়ার মেয়ে রাবিয়া। দুজনেরই বয়স সাত বছর।
চেয়ারম্যান কমল বলেন, ওই শিশুদের বাড়ির সামনে একটি মসজিদ আছে।সন্ধ্যায় লোকজন সেখানে অজু করার সময় শিশু দুটিকে খেলা করতে দেখেছিলো। মাগরিবের নামাজ শেষে বের হয়ে মসজিদের পাশে থাকা ডোবায় তাদের ভাসতে দেখে তারা।
পরে তাদের উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
