১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

পুলিশ জানায়, হামলায় আহত কোহেল উদ্দিনের স্ত্রী ও ছেলেকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

মানিকগঞ্জের সিংগাইর থানা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2024, 05:20 PM

Updated : 11 Mar 2024, 05:20 PM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাড়ির সীমানার জমির বিরোধের জেরে আপন ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একজনের বিরুদ্ধে। 

সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, রোববার দুপুরে উপজেলার জার্মিতা ইউনিয়নের মধুরচর এলাকায় আহত কোহেল উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহত কোহেল উদ্দিন মুন্সী (৬৫) ওই এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, হামলার ঘটনায় কোহেল উদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম ও ছেলে শাহিনুর ইসলাম আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়দের বরাতে ওসি জিয়ারুল ইসলাম বলেন, দুপুরে বাড়ির সীমানার এক ফিট জমি নিয়ে ছোট ভাই কোহেল উদ্দিন ও তার বড় ভাই ইসলাম উদ্দিন মুন্সীর পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। 

“ঝগড়ার এক পর্যায়ে ইসলাম মুন্সীসহ তার সন্তানেরা কোহেল উদ্দিনের পরিবারের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করলে কোহেল উদ্দিন তার স্ত্রী সাফিয়া বেগম এবং ছেলে শাহিনুর গুরুতর আহত হন।” 

তিনি বলেন, পরে স্থানীয়রা কোহেল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এবং তার স্ত্রী ও ছেলেকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করেছি; ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।