২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাইকের সঙ্গে ধাক্কা, অটোরিকশা চালককে হত্যা

নিহত অটোরিকশা চালকের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

বাইকের সঙ্গে ধাক্কা, অটোরিকশা চালককে হত্যা

সিএনজি চালিত অটোরিকশার নিহত চালক তাপস চন্দ্র সরকারের

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2022, 11:44 AM

Updated : 25 Sep 2022, 05:49 PM

মোটর সাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির জেরে ময়মনসিংহে এক চালককে পিটিয়ে ও ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত অটোরিকশার চালক তাপস চন্দ্র সরকার (৩৬) ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের আনুমেশ চন্দ্র সরকারের ছেলে। 

আর বাইক চালক মনির শহরের বলাশপুর মোড়ল বাড়ির মো.আকরামের ছেলে। তাকে এবং তার সঙ্গীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। 

তিনি বলেন, হাক্কানী মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় তাপসের অটোরিকশার সঙ্গে মনিরের বাইকের ধাক্কা লাগে।

“এতে ক্ষিপ্ত হয়ে মনির ও তার বাইকে থাকা দুই বন্ধু মো. সোহেল ও সাগর মিলে তাপসের ওপর চড়াও হয়। পরে স্থানীয় আরও চার-পাঁচজনকে ডেকে নিয়ে তারা তাপসকে বেধড়ক মারধর করে।“ 

স্থানীয়রা পরে আহত তাপসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জুলহাস উদ্দিন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই অটোরিকশা চালকের মৃত্যু হয়। তার পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

তাপসের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেরের মর্গে রাখা হয়েছে। 

ওসি বলেন, “এ ঘটনায় মনিরসহ জড়িতদের ধরতে চেষ্টা করছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”