শীত বাড়ার সঙ্গে ভিড় বাড়ছে লেপ-তোষকের দোকানেও
ফরিদপুরে পাঁচ কেজি সাদা তুলা দিয়ে একটি লেপ বানাতে খরচ পড়ছে এক হাজার ২০০ টাকা।
ফরিদপুরে তীব্র শীতের প্রস্তুতি হিসেবে লেপ-তোষক কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। কেউ কেউ পুরাতন লেপ-তোষকগুলো সংস্কার করে নিচ্ছেন, আবার কেউ নতুন করে তৈরি করছেন। ফলে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশকের কারিগররা।
লেপ বানাতে আসা বেসরকারি চাকুরিজীবী আরশাদ হোসেন বলেন, এবার শীতের শুরুতেই রাতে ঠাণ্ডার দাপট দেখা দিয়েছে। তীব্র শীত শুরু হলে দোকানগুলোতে বেশি চাপ থাকে, তাই আগেভাগেই একটি পুরাতন লেপের তুলা বদলে নতুন কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। সঙ্গে একটি নতুন লেপ তৈরি করতে দিয়েছি।
তবে গতবারের চেয়ে তুলা ও কাপড়ের দাম অনেকটা বেশি হওয়ার লেপের দামও বৃদ্ধি পেয়েছে বলে জানান এই ক্রেতা।
তোষক বানাতে আসা গৃহিনী রহিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়িতে একটি তোষক ছিল। সেটি পুরাতন হয়ে গেছে, ছিড়েও গেছে। সেটি নতুন করে সংস্কার করতে দিতে এসেছি।
“এর আগে তৈরি করতে নিয়েছিল তিন হাজার টাকা। এবার সংস্কার করতেই লাগছে দুই হাজার টাকা। তারপরও শীত শুরু হয়ে গেছে, এগুলোতো ঠিক করতেই হবে।”
দাম অনেক বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “এছাড়া নতুন করে একটি তোষক বানাতে দিয়েছি দাম পড়েছে তিন হাজার ৫০০ টাকা এবং পাঁচ কেজি তুলা দিয়ে একটি লেপ বানাতে খরচ পড়েছে এক হাজার ২০০ টাকা।”
ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে বেশ কয়েকটি লেপ-তোষক তৈরির দোকান রয়েছে।
এখানকার দোকানী রাশেদ শেখ জানান, গতবারের চেয়ে এবার তুলা ও কাপড়ের দাম কিছুটা বেশি হওয়ায় লেপ-তোষক তৈরির খরচ বেড়েছে। তারপরও ক্রেতার কমতি নেই। শীতের শুরু থেকেই কাজের চাপ বৃদ্ধি পেয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার দোকানে প্রতিদিন পাঁচ থেকে সাতটি লেপ-তোষক তৈরি করা হচ্ছে। ভালোমানের সাদা তুলা দিয়ে তৈরি লেপ বিক্রি করছি এক হাজার ২০০ টাকা। পাঁচ হাত লম্বা ও চার হাত চওড়া লেপ তৈরিতে তুলা লাগছে পাঁচ কেজি। আর কালো তুলা দিয়ে তৈরি লেপ বিক্রি করছি ৮০০ থেকে এক হাজার টাকায়।
তার দোকানে তিন জন কারিগর কাজ করছেন। ব্যস্ততা বাড়ায় কয়েক দিনের মধ্যে আরও কারিগর কাজে যোগ দেবেন বলে জানান তিনি।
ব্যস্ততা বাড়লেও মজুরি বাড়েনি জানিয়ে লেপ-তোশকের কারিগর হারুন শেখ বলেন, “দিন-রাত কাজ করতে হচ্ছে। তবে তুলা ও কাপড়ের দাম বৃদ্ধি পেলেও আমাদের মুজুরি তেমন বাড়েনি।”
আরেক লেপ-তোশকের দোকানী শেখ শাহিন বলেন, “বছরের প্রায় আট মাস তেমন বেশি কাজ হয় না। শীতের চার মাসের আয়-রোজগার দিয়ে বাকি সময় চলতে হয়। তাই শীতের মৌসুমে দিন-রাতে কাজ করতে হয়।”
