২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি বন্দর দিয়ে ফের কাঁচা মরিচ আমদানি শুরু

হিলি বন্দরসংলগ্ন ভারতীয় অংশে দাম বেড়ে যাওয়ায় এলসি খোলার পরও গত কয়েকদিন কাঁচা মরিচ আমদানি করেননি স্থানীয় ব্যবসায়ীরা।

হিলি বন্দর দিয়ে ফের কাঁচা মরিচ আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা কাঁচা মরিচ খালাস করা হচ্ছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 07:21 PM

Updated : 05 Jul 2023, 07:21 PM

মূল্য বৃদ্ধির মধ্যে কয়েকদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবার কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

বুধবার চারটি ট্রাকে সাড়ে ৩২ টন কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, এর আগে গত ২৬ জুন আমদানি করা এক ট্রাক ভারতীয় কাঁচা মরিচ এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। কিন্তু এরপর বন্দর সংলগ্ন ভারতীয় অংশে দাম বেড়ে গেলে এলসি খোলার পরও কাঁচা মরিচ আমদানি করেননি ব্যবসায়ীরা। সে হিসেবে নয়দিন পর দ্বিতীয় দফায় মরিচ আমদানি হচ্ছে।

“এই দফায় প্রতি কেজি কাঁচা মরিচে শুল্ক দিতে হচ্ছে ৩৫ টাকা।”

কোরবানির ঈদকে সামনে রেখে দাম বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়। এতে ৭০০/৮০০ টাকার কাঁচা মরিচের দাম কমে ১৫০/২০০ টাকায় নেমে আসে। দেশের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকারের অভিযানও চলে।

ওই সময় হিলি বন্দর দিয়েও আমদানির খবরে উত্তরের জেলাগুলোয় দাম কমে গিয়েছিল। কিন্তু ২৬ জুনের পর হিলি দিয়ে আমদানি না হওয়ায় একদিনের মধ্যে ফেরে দাম বেড়ে যায়।

বুধবার দিনাজপুর শহরে ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে সাড়ে ৩০০ টাকায়।

ব্যবসায়ী নেতা মোস্তাফিজুর রহমান বলেন, দেশে কাঁচা মরিচের আবাদ বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমে গিয়েছিল। ফলে দামও বৃদ্ধি পায়। তাই দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আবার আমদানি শুরু হয়েছে। এখন দাম আবার কমবে বলে আশা করা যাচ্ছে।