মেঘনায় নিখোঁজের ২ দিন পর তরুণের লাশ উদ্ধার
স্থানীয়রা লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে দুদিন আগে নিখোঁজ এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে৷
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বৈদ্দ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোসাদ্বেরুল হক জানান।
মৃত জাহিদুল ইসলাম মেহেদী (১৯) মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিস গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার কুনারপাড়া গ্রামে। চৈতি গার্মেন্টস নামে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোসাদ্বেরুল বলেন, “কারখানার সহকর্মীদের সঙ্গে গত ১৪ অগাস্ট দুপুরে মেঘনায় নামে জাহিদুল। সাঁতার না জানায় স্রোতের টানে নদীতে তলিয়ে যায় সে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও সেসময় তার কোনো হদিস মেলেনি।
“পরে স্থানীয়রা মেঘনার তীরে জাহিদুলের লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।”
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
