যশোর বোর্ডে পাশের হার ৮৩.৯৫ শতাংশ
জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ঘোষিত ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে পাশ করেছে ৮৩ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী।
বুধবার বেলা ১২টা ৩০ মিনিটে যশোরে প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুন্ডু।
কোভিড মহামারী আর বন্যায় দীর্ঘ প্রতীক্ষা শেষে অনুষ্ঠিত এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ শিক্ষা বোর্ডের ৫৭২টি কলেজের মধ্যে শতভাগ পাশ করেছে ৩৯টি কলেজে। আর কেউ পাস করেনি এমন কলেজের সংখ্যা ছয়টি বলে জানান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক।
তিনি আরও জানান, এ বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে পাশের হারে এগিয়ে আছে খুলনা জেলা।
করোনা সংক্রমণের প্রকোপ কাটিয়ে সব বিষয়ে দেওয়া পরীক্ষার এ ফলাফলকে ‘সন্তোষজনক’ বলেও দাবি করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক।
এর আগে বুধবার সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সরকারপ্রধানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
স্বাভাবিক সময়ে এপ্রিলে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারী আর বন্যার সঙ্কটে এই এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ৬ নভেম্বর। পরীক্ষাও হয় সংক্ষিপ্ত সিলেবাসে।
