২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন সংগ্রামী রবি নিয়োগীর জন্মদিনের শ্রদ্ধা

সারাজীবনের সংগ্রাম ও ত্যাগের মূল্যায়নে রবি নিয়োগীকে মরণোত্তর স্বাধীনতা কিংবা একুশে পদক দেওয়ার দাবি করেন জন্মবার্ষিকীর আলোচকরা।

আজীবন সংগ্রামী রবি নিয়োগীর জন্মদিনের শ্রদ্ধা

বিপ্লবী রবি নিয়োগীর ১১৩তম জন্মবার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সুধাময় দাস।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2023, 06:47 PM

Updated : 01 May 2023, 06:47 PM

ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগ্রামে নিষ্ঠ বিপ্লবী রবি নিয়োগীর অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মান জানানোর দাবি তুলেছেন জন্মবর্ষিকীর আলোচকরা।   

বিপ্লবী রবি নিয়োগীর ১১৩তম জন্মবার্ষিকী ছিল ৩০ এপ্রিল। এ উপলক্ষ্যে রোববার শেরপুর শহরের নিউমার্কেটে ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ’ আলোচনা সভার আয়োজন করে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাকক্ষের সভাপতি প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার। 

সভায় রবি নিয়োগীর জীবন ও কর্ম সম্পর্কে স্মৃতিচারণামূলক আলোচনায় অংশ নেন লেখক-গবেষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সুধাময় দাস, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, সাংবাদিক আব্দুর রহিম বাদল, বিপ্লবী রবি নিয়োগীর নাতি শুভজিৎ নিয়োগী। 

সভাকক্ষের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

সভায় অধ্যাপক ড. সুধাময় দাস বলেন, “বিপ্লবী রবি নিয়োগীকে সম্মান জানাতে পারলে আমরা নিজেরাই সম্মানিত হব। তিনি মানুষের কল্যাণের জন্য, মানবমুক্তির জন্য আজীবন কাজ করেছেন। তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার মাধ্যমে জাতি হিসেবে আমরা সম্মানিত হতে পারব।” 

অনুষ্ঠানে ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ’ থেকে বিপ্লবী রবি নিয়োগীর আদর্শের অনুসারী প্রয়াত শ্রমিক নেতা মো. সেলিম মিয়ার পরিবারকে নগদ ১০ হাজার টাকা মানবিক সহায়তা দেওয়া হয়। 

শেষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। 

আলোচনায় অন্য বক্তারা বলেন, বিপ্লবী রবি নিয়োগী আজ নেই; কিন্তু তিনি বেঁচে আছেন তার কর্মে-আদর্শে। রবি নিয়োগীরা নিজেদের জীবন উৎসর্গ করে ব্রিটিশ রাজ থেকে ভারত উপমহাদেশ স্বাধীন করেছেন। তারপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছেন। 

নিয়োগীর সারাজীবনের সংগ্রাম ও ত্যাগের মূল্যায়ন করে তাকে মরণোত্তর স্বাধীনতা পদক কিংবা একুশে পদক দিয়ে সম্মানিত করার দাবি করেন আলোচকরা। 

Image

বিপ্লবী রবি নিয়োগীর ১১৩তম জন্মবার্ষিকীতে ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ’ প্রয়াত শ্রমিক নেতা সেলিম মিয়ার পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়।

সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের পক্ষ থেকে বিতরণ করা এক পুস্তিকায় উল্লেখ রয়েছে, শেরপুর শহরের গৃর্দানারায়ণপুর মহল্লার (পুরাতন গরুহাটি) জমিদার পরিবারে জন্মগ্রহণকারী বিপ্লবী রবি নিয়োগীর ১১৩তম জন্মবার্ষিকী ছিল ৩০ এপ্রিল রোববার। বাংলা পঞ্জিকার বর্ষগণনা হিসাব মতে ১৩১৬ সালের ১৬ বৈশাখ তার জন্ম। 

ব্রিটিশ বিরোধী আন্দোলন, টঙ্ক আন্দোলন, তেভাগা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে রবি নিয়োগী সক্রিয় ছিলেন। শত নির্যাতন-নিপীড়ন, কারাভোগ করেও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি কখনও পিছপা হননি। 

আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি আন্দামান সেলুলার জেলসহ বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ফেরারি জীবন কাটাতে হয়েছে আরও অন্তত ১৫ বছর। তিনি ছিলেন আদর্শনিষ্ঠ, সৎ, নির্লোভ, নির্ভীক দেশপ্রেমিক। 

স্কুল জীবনেই তিনি গুপ্ত সমিতি ‘যুগান্তর’-এর সঙ্গে যুক্ত হয়ে বিপ্লববাদী ধারায় সক্রিয় হয়েছিলেন। পরে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। স্বাধীন বাংলাদেশে জিয়া ও এরশাদ সরকারের আমলেও তিনি কারাভোগ করেছেন। 

রবি নিযোগী সংবাদপত্রেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠ ছিলেন। তিনি বিনা বেতনে সাপ্তাহিক একতা ও দৈনিক সংবাদের শেরপুর জেলা বার্তা পরিবেশক হিসেবে আমৃত্যু কাজ করেছেন। 

১৯০৯ সালে জন্মগ্রহণকারী বিপ্লবী রবি নিয়োগী ২০০২ সালের ১০ মে মারা যান।