রাজবাড়ী কারাগারের কয়েদির মৃত্যু
চেক ডিসঅনারের একটি মামলায় তিনি এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।
রাজবাড়ী জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে।
জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম জানান, মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল বিশ্বাসের মৃত্যু হয়।
মৃত ৪৩ বছর বয়সী শহিদুল বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
শহিদুলের ছোট ভাই রেজাউল বিশ্বাস জানান, তার বড় ভাই বালিয়াকান্দির বহরপুর বাজারে পাট ব্যবসায়ী ছিলেন। চেক ডিসঅনারের একটি মামলায় তার এক বছরের সাজা হয়। সকাল সাড়ে ৬টার দিকে কারা কর্তৃপক্ষ তাদের ফোন করে ভাইয়ের অসুস্থতার খবর জানান। এক ঘণ্টা পর কারাগারের গেটে গিয়ে মৃত্যুর খবর পান।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, “চেক ডিসঅনারের মামলায় শহিদুলের এক বছরের সাজা হয়। গত আট মাস ধরে তিনি কারাগারে ছিলেন। সকালে বুকের ব্যথায় কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
তার লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, সকাল ৬টা ১০ মিনিটে হাসপাতালে আনার ৫ মিনিট পরই শহিদুলকে ভর্তি নেওয়া হয়। পরে ৬টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
