২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় করাতকল ম্যানেজারকে ‘পিটিয়ে হত্যা’

পুলিশ জানায়, করাতকলের কাছে গরুকে ঘাস খাওয়াতে নিষেধ করায় হামলার শিকার হন শুকুর আলী।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2023, 08:13 PM

Updated : 28 Mar 2023, 08:13 PM

সুনামগঞ্জ সদরে তুচ্ছ ঘটনার জেরে এক করাতকল ম্যানেজারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী। 

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নিহত ৪৬ বছর বয়সী শুকুর আলী মুসলিমপুর গ্রামের বাসিন্দা। 

ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সকালে করাতকলে দায়িত্ব পালন করছিলেন শুকুর আলী। এ সময় মিলের পাশে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান স্থানীয় নায়েব মিয়া।

“মিলের কাছে ঘাস খাওয়াতে নিষেধ করেন শুকুর। এতে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।” 

তিনি আরও বলেন, “এতে ক্ষুব্ধ হয়ে বাবু মিয়া তার আত্মীয়-স্বজনদের ডেকে এনে শুকুরকে ব্যাপক মরধর করেন। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।” 

এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়ে ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।