ঝিনাইদহে কভার্ডভ্যানের ধাক্কায় আলমসাধু চালক নিহত
যশোর থেকে আলমসাধুতে মুরগি নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন রেজাউল ইসলাম।
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলায় কর্ভাড ভ্যানের ধাক্কায় এক আলমসাধুর চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে শহরের ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মো. আবু আজিফ।
নিহত রেজাউল ইসলাম (৩৫)। তিনি সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের বাসিন্দা।
ওসি আজিফ জানান, সকালে যশোর থেকে আলমসাধুতে মুরগি নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। পথে সুগার মিলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে গেলে রেজাউল গুরুতর আহত হন।
সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। সেটিকে আটকের চেষ্টা চলছে।
