২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প সচেতনতায় মানববন্ধন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে

বাংলাদেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ‘জোন-৪’ এ সিলেটের অবস্থান বলে জানিয়েছেন পুর ও পরিবেশ কৌশল বিভাগের শিক্ষকরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 08:32 PM

Updated : 12 Feb 2023, 08:32 PM

সিলেট বিভাগ ভূমিকম্পের ‘ভয়ঙ্কর জোনে’ রয়েছে জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের শিক্ষকরা এর জন্য সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মাননবন্ধনে এ কথা জানান তারা।

ভূমিকম্প বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে এই মানববন্ধন আয়োজন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. আজিজুল হক জানান।

মানবন্ধনে অধ্যাপক ড. আজিজুল হক ছাড়াও পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মিজবাহ উদ্দিনও বক্তব্য দেন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৮। ৮৪ বছর পর এমন শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে বিবিসি জানায়। এ পর্যন্ত ভূমিকম্পের মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৬ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পের এই ভয়াবহতার মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সচেতনতায় মানববন্ধন আয়োজন করা হয়। এ সময় তুরস্ক ও সিরিয়ায় হতাহতদের জন্য গভীর সমবেদনা জানানো হয়।

মানববন্ধনে অধ্যাপক মিজবাহ উদ্দিন বলেন, তুরস্ক, সিরিয়া ও লেবানন সীমান্তে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। এতে অনেক মানুষ ভীষণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

“এই যে বিশাল ক্ষয়ক্ষতি, আমরা মানুষ হিসেবে মেনে নেওয়া খুবই কষ্টের।”

সিলেট অঞ্চল ভূমিকম্পের ‘বড় ঝুঁকিতে’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এজন্য অভিজ্ঞ যারা আছে তাদের থেকে পরামর্শ নিয়ে ভবনের নকশা ও নির্মাণ করা দরকার। কীভাবে ভূমিকম্প সহনীয় অবকাঠামো করা যায়, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে।”

বিধিমালা না মেনে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে; সেগুলোর জন্য দ্রুত চিন্তাভাবনা করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

অধ্যাপক মিজবাহ আরও বলেন, “আমরা জানি, ভূমিকম্পের সাইকেল অনুযায়ী ১০০ বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে। আমরা ইতোমধ্যেই একটি সময় অতিক্রম করেছি। সিলেট বড় ধরনের একটি ভূমিকম্পের ১০০ বছর পার হয়ে গেছে।

“এই হিসাবে আমরা হয়তো বড় ধরনের ভূমিকম্পের সম্মুখীন হতে যাচ্ছি। আশঙ্কা করছি আগামীতে হতে পারে । সেই জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত।”

মানবন্ধনে অধ্যাপক মো. আজিজুল হক বলেন, “বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে যে জোনগুলো ভাগ করা আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে ‘জোন-৪’। এই জোনে সিলেট রয়েছে। তুরস্ক ও সিরিয়ায় যে ভূমিকম্প হয়ে গেলে এ থেকে সিলেটবাসী এখন উদ্বিগ্ন।”

এই পরিস্থিতিতে করণীয় সম্পর্কে তিনি বলেন, “যেহেতু আমরা ভূমিকম্পকে প্রতিহত করতে পারব না; এর ক্ষয়ক্ষতির পরিমাণ কীভাবে কমিয়ে আনতে পারি সেই দিক গুরুত্বের সঙ্গে দেখা উচিত। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা যেতে পারে। আজকের এই মানববন্ধনে এটাই ছিল আমাদের উদ্দেশ্য ও মুখ্য বিষয়।”

মানববন্ধনে পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক মো. ইমরান কবির, অধ্যাপক বিজিত কুমার বণিক, অধ্যাপক গোলাম মো. মুন্না, অধ্যাপক মো. শাহিদুর রহমান, অধ্যাপক ড. বাসিরুল হকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।