ময়মনসিংহে বাস-ইজিবাইকের সংঘর্ষে তরুণীর মৃত্যু, বাসে আগুন
ত্রিশালমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে এক তরুণীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও পাঁচজন। এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়।
বৃহস্পতিবার দুপুরে কানুরামপুর-ত্রিশাল সড়কের উপজেলার বেতাগৈর ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে বলে নান্দাইল থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান।
নিহত ১৯ বছর বয়সি খুকি আক্তার সুমি উপজেলার চর ভেলামারি গ্রামের খোকন মিয়ার মেয়ে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি রাশেদুজ্জামান বলেন, দুপুরে কানুরামপুর থেকে শালবন পরিবহনের একটি বাস ত্রিশালের উদ্দেশে ছেড়ে যায়। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়। আহত হন চালকসহ ইজিবাইকের পাঁচ যাত্রী।
পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়; এ ঘটনার পর সড়কটি দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি রাশেদুজ্জামান।
