২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর উন্নয়নে জাপার স্বপনের ইশতেহারে ৩৬ প্রতিশ্রুতি

“রাজশাহী সিটিকে দেশের মডেল সিটি হিসেবে গড়ে তোলা আমার দীর্ঘদিনের স্বপ্ন।”

রাজশাহীর উন্নয়নে জাপার স্বপনের ইশতেহারে ৩৬ প্রতিশ্রুতি

রাজশাহীতে সংবাদ সম্মলেনে ইশতেহার ঘোষণা করছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 10:02 PM

Updated : 10 Jun 2023, 10:02 PM

কর্মসংস্থান সৃষ্টি, হোল্ডিং ট্যাক্স কমানো ও নগরজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা নিশ্চিতসহ ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

শনিবার দুপুরে নগরীর গণকপাড়া মোড়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মলেন করে ইশতেহার ঘোষণা করেন তিনি।

সাইফুল ইসলাম স্বপন বলেন, “জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে আপনারা রাজশাহীর ব্যাপক উন্নয়ন দেখেছেন। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মধ্যে মডেল সিটি হিসেবে গড়ে তোলা আমার দীর্ঘদিনের স্বপ্ন।”

নতুন সব স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে নগরবাসীর দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন তিনি।

ইশতেহারে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপন, হোল্ডিং ট্যাক্স কমিয়ে সহনীয় পর্যায়ে নেওয়া, নাগরিকদের নিরাপত্তায় পাড়া-মহল্লাসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলা হয়েছে।

অপরাধমুক্ত নগরী গড়তে নিজের পরিকল্পনার কথাও তুলে ধেরেছেন সাইফুল ইসলাম স্বপন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেন, সদস্যসচিব সামসুদ্দিন রেন্টু, মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু।