১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ছাত্রীকে সাপের কামড়, তিন হাসপাতাল ঘুরে মৃত্যু

ডাক্তার আমাদের আশ্বস্ত করেন, অ্যান্টিভেনম দেওয়া আছে, হয়ত কিছু হবে না।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 04:41 PM

Updated : 22 Aug 2023, 04:41 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় সাপের কামড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার গভীর রাত ২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের ১৩ বছরের শেফাকে সাপে কামড় দেয়। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার নেওয়ার পথে সে মারা যায় বলে জানান বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মো. সজিব হোসেন।

শেফা ওই গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে। সে শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

ইউপি চেয়ারম্যান বলেন, রাত ২টার সময় শেফা ঘুমাতে যায়। মশারি টানানোর সময় একটি সাপ তার পিঠে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের সদস‍্যরা এগিয়ে এসে সাপটিকে মাটিতে পড়ে থাকতে দেখে। পরে তারা সাপটি পিটিয়ে মেরে ফেলে।

তিনি আরও বলেন, “এ ধরনের সাপ আগে দেখিনি। কালো রংয়ের গায়ে ডোরাকাটা রিংয়ের মত।”

শেফার ফুপাতো ভাই রাশেদ হাসান সাংবাদিকদের বলেন, সাপে কামড়ের পর প্রথমেই শেফাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক রোগী দেখে জানান যে, তাদের এখানে কোনো অ্যান্টিভেনাম নেই। চিকিৎসক শেফাকে ফরিদপুর কিংবা কুষ্টিয়া নিয়ে যেতে বলেন। 

“রাত ৪টায় আমরা রোগী নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পৌঁছাই। চিকিৎসক পরীক্ষা করে বলেন, অ্যান্টিভেনম দিতে হবে; কিন্তু হাসপাতালে তা নেই। পরে বাইরের একটি ফার্মেসি থেকে অ্যান্টিভেনম কিনে রোগীকে দেওয়া হয়।

রাশেদ হাসান বলেন, “এর কিছু সময় পর তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। অক্সিজেন চলার মাঝেই সে বমি করছিল। তখন আমরা ডাক্তারকে ডেকে নিয়ে আসি। তারা দেখে বলেন, অবস্থা খারাপ মনে হচ্ছে, রোগীকে ঢাকা অথবা রাজশাহীতে নিয়ে যান। ডাক্তার আমাদের আশ্বস্ত করেন, অ্যান্টিভেনম দেওয়া আছে, হয়ত কিছু হবে না।

“সকালে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হই আমরা। কুমারখালী উপজেলা পর্যন্ত শেফা ইশারায় কথা বলতে পারছিল। সকাল ৯টায় খোকসা উপজেলায় পৌঁছালে ওর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তখন তাকে খোকসা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এক প্রশ্নের জবাবে রাশেদ হাসান বলেন, “চিকিৎসকরা বলেছেন, শেফাকে কালকেউটে কামড় দিয়েছিল।”

পাংশা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুজাউদ্দিন সোহাগ বলেন, “গতরাতে সাপের কামড়ের ১৩ বছর বয়সী কোনো রোগী হাসপাতালে আসেনি।”

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর জানা নেই। খোঁজ নিচ্ছি।”