মানিকগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থীকে মারধরের অভিযোগ
হারুনের দাবি, মারামারির কোনো ঘটনা ঘটেনি; উল্টো অভিযোগকারীই তাকে গালাগাল করেছেন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।
বুধবার রাতে আরেক সভাপতি পদপ্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন-অর- রশিদ বীর মুক্তিযোদ্ধা ইয়াজ উদ্দিনসহ কয়েকজনকে মারধর করেন বলে ভুক্তভোগীর পরিবারের দাবি।
তবে হারুনের দাবি, মারামারির কোনো ঘটনা ঘটেনি; উল্টো অভিযোগকারীই তাকে গালাগাল করেছেন।
ইয়াজ উদ্দিনের মেয়ে ও সাটুরিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার বলেন, “সাবেক চেয়ারম্যান হারুন তার দলবল নিয়ে বাড়িতে এসে আমার বাবাসহ পরিবারের কয়েকজনকে মারধর করে আহত করেছেন। বীর মুক্তিযোদ্ধা বাবাকে চরম অপমান করেছেন তারা।”
ইয়াজ উদ্দিন এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানান।
শিউলি আক্তার বলেন, “এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”
ইয়াজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, “হারুন কয়েকজন মাস্তান নিয়ে হামলা চালান। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, আর আমাকে অপমাণিত হতে হয়।”
যোগাযোগ করা হলে হারুন-অর-রশিদ বলেন, “কোনো হামলার ঘটনা ঘটেনি। ইয়াজ উদ্দিনই আমাকে গালাগালি করেছেন।”
ওসি সুকুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বীর মুক্তিযোদ্ধা ইয়াজ উদ্দিনসহ আহতরা সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
আগামী ২২ অক্টোবর বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ইয়াজ উদ্দীন ও সাবেক চেয়ারম্যান হারুন-অর- রশিদ সভাপতি প্রার্থী হয়েছেন।
