ভাইকে অপহরণের মামলায় জামিন পেয়ে ‘বোনকে অপহরণ’
প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মঙ্গলবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠে মেহেদীর বিরুদ্ধে।
এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের মামলায় জামিনে বের হয়ে ওই পরীক্ষার্থীর চাচাতো বোনকে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
রাজশাহীর গোদাগারী উপজেলার লস্করহাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়।
বুধবার বিকালে অষ্টম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীর বাবা মেহেদী পলাশ (২৫) নামের ওই যুবকের নামে মামলা দায়ের করেন বলে গোদাগাড়ী থানার পরিদর্শক কামরুজ্জামান জানান।
লস্করহাটি গ্রামের বাসিন্দা মেহেদী পলাশের নামে অপহরণ ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও থানায় মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
অপহরণের শিকার কিশোরীর বাবার অভিযোগ, মঙ্গলবার তার মেয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় মেহেদী পলাশসহ কয়েকজন তার মেয়েকে জোর করে একটা সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গোদাগাড়ী পৌরসভার গড়েরমাঠ মহল্লার ওই এসএসসি পরীক্ষার্থীর অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন মেহেদী পলাশ। এর প্রতিবাদ করলে গত ৭ সেপ্টেম্বর ছয়-সাতজন সহযোগীকে নিয়ে মেয়েটির চাচাতো ভাই এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে একটি ইটভাটায় নিয়ে নির্যাতন করেন তিনি। ওই কিশোরের মা ঘটনার দিন রাতে গোদাগাড়ী থানায় মামলা করেন।
এতে মেহেদী পলাশ, মহিশালবাড়ি আলীপুর মহল্লার আবদুল আওয়াল (২৫), গড়েরমাঠের মো. জাহিদ (১৪), মাদারপুর মহল্লার শাহরিয়ার জয়সহ (১৮) আরও তিন-চারজনকে আসামি করা হয়।
ওই মামলায় গত ২২ সেপ্টেম্বর মেহেদী পলাশকে পুলিশ গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়; কয়েক দিন আগে তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফেরেন।
মামলার নথির বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে উপজেলার পুরোনো জেনারেল হাসপাতালের সামনে থেকে ওই এসএসসি পরীক্ষার্থীর চাচাতো বোনকে অপহরণ করেন মেহেদী।
গোদাগাড়ী থানার পরিদর্শক কামরুজ্জামান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি; মেহেদী পলাশকেও বাড়িতে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, সে এ ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ আসামিকে গ্রেপ্তার ও মেয়েটি উদ্ধার করার জন্য চেষ্টা করছে।”
