২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ-ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

২০১৫ সালের ২ মার্চ মাদ্রাসায় যাওয়ার পথে কিশোরীটিকে অপহরণ করেন জাহাঙ্গীর।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 05:49 PM

Updated : 23 Aug 2023, 05:49 PM

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম নূরুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক।

সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলম (২৫) যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, জাহাঙ্গীর ভুরুঙ্গামারীর একটি গ্রামে লজিং থেকে শিশু-কিশোরীদের কোরআন শিক্ষা দিতেন। এ সময় তিনি ১৩ বছরের ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করতেন।

২০১৫ সালের ২ মার্চ মাদ্রাসায় যাওয়ার পথে কিশোরীকে অপহরণ করেন জাহাঙ্গীর। মেয়ের খোঁজ না পেয়ে ওই রাতেই অপহরণ মামলা করেন কিশোরীর মা। পরবর্তীতে কিশোরীকে উদ্ধার করা হয়। সে আদালতে সাক্ষ্য দেয়। চলতি বছরের ২৯ জানুয়ারি মামলার শুনানি শেষ হয়।

আইনজীবী বলেন, আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৩) এর ৭ ধারায় আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

একই আইনের ৯ (১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আসামি পলাতক থাকায় তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সরদার মো. তাজুল ইসলাম শুনানি করেন।