Published : 18 Sep 2026, 11:31 AM
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেওয়ার পর অটোরিকশার সঙ্গে একটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে বলে ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানিয়েছেন।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মহাসড়কের পাশে একটি মাহেন্দ দাঁড়িয়ে ছিল। আর অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল।
এ সময় একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের একটি বাস প্রথমে মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। পরে অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আহতরা মাহেন্দ্র ও অটোরিকশার যাত্রী বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দুর্ঘটনার বর্ণনায় বাসের যাত্রী বৃষ্টি আক্তার বলেন, “বাসের চালক হঠাৎ অজ্ঞান হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন।
“পরে মাহেন্দ্র ও অটোরিকশাটিকে ধাক্কা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশে প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানা প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে যায়।”
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে বলে জানান বৃষ্টি।