২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল থেকে ছিটকে বাসের চাকার নিচে, যুবক নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল থেকে ছিটকে বাসের চাকার নিচে, যুবক নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 03:39 PM

Updated : 11 Dec 2022, 03:39 PM

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রোববার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরের কাছে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দীক জানান। 

নিহত নাইস হাসান (৩০) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মহিতুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি সেনাবাহিনীর সদস্য এবং খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। 

নিহতের চাচাত ভাই হুমায়ুন কবির রানা বলেন, নাইস হাসান তার শিশুপুত্রের আকিকা অনুষ্ঠানের জন্য ছুটিতে বাড়ি এসেছিলেন। সকালে তিনি কেনাকাটার জন্য আক্কেলপুর বাজারে এসেছিলেন। 

মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরের কাছে সিঙ্গার শো-রুমের সামনে বিপরীত দিক থেকে আসা হাবিব পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নাইস ছিটকে বাসের চাকার নিচে পড়েন। বাসটি তাকে পিষ্ট করে চলে যায়। 

ওসি আরও বলেন, বাসটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।