২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নির্বাচন কমিশনকে স্বীকার করে না, নির্বাচনে আসবে কেন: ইসি হাবিব

“এয়ারপোর্টে দেখা হয়েছে অনেক বিএনপি নেতার সঙ্গে; আমি তাদের হাত ধরে অনুরোধ করেছি নির্বাচনে আসার জন্য।”

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 08:28 PM

Updated : 19 Dec 2023, 08:36 PM

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশন ‘চাপমুক্ত’ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

তিনি বলেন, “আমরা কোনো চাপে নেই; বিদেশি কুটনীতিকরা আমাদের কাছে নির্বাচন সম্পর্কিত ব্রিফ শুনে ‘ভেরি গুড’ বলেছেন। তারা কখনও আপত্তি বা অভিযোগ প্রকাশ করেননি।”

মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসানের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ভোটে আনার কোনও চেষ্টা ছিল কি-না সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাবিব বলেছেন, “বিএনপিকে নির্বাচনে আসতে তাদের পায়ে ধরা বাকি রেখে, সব চেষ্টা করেছি। এয়ারপোর্টে দেখা হয়েছে অনেক বিএনপি নেতার সঙ্গে; আমি তাদের হাত ধরে অনুরোধ করেছি নির্বাচনে আসার জন্য।

“কিন্তু তারা তো আমাদেরই স্বীকার করে না। তাহলে, আমাদের অধীনে নির্বাচনে আসবে কেন?”

ভোটোর দিন যেখানেই গণ্ডগোল হবে, সেই কেন্দ্রেই ভোট বন্ধ হবে জানিয়ে তিনি আরও বলেন, “অনেক চ্যালেঞ্জ নিয়ে এই নির্বাচন করছি। তাই বলছি, নির্বাচনে কোনো হট্টগোল বা জালিয়াতি করার সুযোগ নেই।

“স্থানীয় প্রশাসনকে এমন নির্দেশ দেওয়া আছে। ভোট গ্রহণের সঙ্গে জড়িত কেউ কেন্দ্রে প্রভাব বিস্তার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নির্বাচন কমিশনার হাবিব খানের সঙ্গে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থীসহ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ দুই জেলার ১৩টি আসনের প্রার্থী এবং সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা নির্বাচন পরিস্থিতি এবং করণীয় নিয়ে বক্তব্য দেন।

নির্বাচনে মেহেরপুর ও চুয়াডাঙ্গার চারটি সংসদীয় আসনের মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেহেরপুরের দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন প্রার্থী।