২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ছুরিকাঘাতে যুবক খুন

ওসি বলছে, “যতটুকু জানতে পেরেছি ছেলেটা একটু বাউন্ডুলে স্বভাবের ছিল। পরিবারের সঙ্গেও তার খুব একটা ভালো যোগাযোগ ছিল না।”

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 11:52 AM

Updated : 09 Mar 2023, 05:18 PM

রাঙামাটিতে শহরে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যাকে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।  

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন জানান, শনিবার সকালে শহরের ফরেস্ট রোডের কবরস্থানের সামনে থেকে ইজাবুল হক রাব্বি নামে ওই যুবকের লাশ উদ্ধার করেন তারা।  

ওসি বলেন ,“আমরা ধারণা করছি, ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। যতটুকু জানতে পেরেছি ছেলেটা একটু বাউন্ডুলে স্বভাবের ছিল। পরিবারের সঙ্গেও তার খুব একটা ভালো যোগাযোগ ছিল না।

“মাদক নিয়ে দ্বন্দ্বের কারণে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে আপাতত মনে হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বাকিটা বলা যাবে।”

নিহত ২৮ বছর বয়সী রাব্বি শহরের কাটাপাহাড় এলাকার মোজাম্মেল হকের ছেলে। স্থানীয়রা জানান, এলাকার লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।